মোহাম্মদ রাসেল , কিশোরগঞ্জ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন ):
ইজারা কান্ডে ইটনা বড় বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেছে কিশোরগঞ্জের ইটনা বাজার বণিক সমিতি এবং বাজারের সকল ব্যবসায়ীরা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বাজার বণিক সমিতি মাইকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঔষধের দোকান ছাড়া মাছ, মাংস, কাপড়-চোপড়, মুদির দোকান সহ সব ধরনের দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইটনা বড় বাজার এবং নতুন বাজার সরকারি ইজারা নিয়মে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ লাখ ৮০ হাজার টাকায় (ব্যাট টেক্স সহ ২৩ লাখ ৫০ হাজার) ইজারাদার পায়েল কে আগামী বছরের ৩০ শে চৈত্র মাস পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর থেকে বাজারের ব্যবসায়ীরা আপত্তি করে যাচ্ছে।
বাজারের ব্যবসায়ী আবদুর সাত্তার জানান, আগে বাজারের ঘাট থেকে কোনো ধরনের টাকা তুলা হতো না উন্মুক্ত ছিলো কিন্তু এখন তো বাজারের ক্রেতাদের কাছ থেকে টাকা নিবে এতে সবার অসুবিধা হবে।
বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মুকবুল হোসেন বলেন, বাজারের প্রায় এক হাজারের মতো দোকানপাট বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন এতে প্রায় কোটি টাকার ব্যবসা লোকসান হচ্ছে। আমাদের ব্যবসায়ীদের দাবি আগের মতো বাজারের ঘাট বাজারের বণিক সমিতির হাতে ছেড়ে দিতে হবে আর না হলে অনির্দিষ্টকালের জন্য বাজারের দোকানপাট বন্ধ থাকবে।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহাগ মিয়া বলেন, অবৈধভাবে বাজারে ইজারা দেওয়া হয়েছে এটা আমরা বাজার বণিক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং যতদিন বাজারে ঘাট বাজার বণিক সমিতির হাতে না দেওয়া হবে ততদিন বাজারে দোকানপাট বন্ধ থাকবে।
ইজারাদার পায়েল জানান, আমি বৈধভাবে সরকারি ইজারা পেয়েছি। আমাকে সরকার যেভাবে নিয়ম করে দিবে সেইভাবে ইজারা আদায় করবো।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, আমি নতুন দায়িত্বে বসেছি তারপরও যতটুকু শুনেছি ঘাটের ইজারা সব ধরনের নিয়ম-কানুন মেনে দেওয়া হয়েছে। বাজার বন্ধের ফলে যেনো জনদুর্ভোগ তৈরি না হয় সেইজন্য বিষয়টা গুরুত্বসহকারে দেখা হচ্ছে।