মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা, চুলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই কামরুল ও এএসআই জামিল মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের শ্যামলাল রবিদাসের পুত্র ফালান রবিদাস (৬০) কে বাড়ী থেকে আটক করে। এসময় তার বাড়ী তল্লাশী করে পুলিশ ২০ লিটার চুলাই মদ ও ৩০ লিটার মদ তৈরীর উপকরণ জব্দ করে। প্রায় একই সময়ে এসআই ইব্রাহিম শেখ ও এএসআই জহুরুল ইসলাম উপজেলার জামালপুর ইউনিয়নের উত্তর নারগানা ব্রীজের উপর থেকে মৃত নগেন্দ্র চন্দ্র বিশ^াসের পুত্র মাদক কারবারী উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (২৪) কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাতেই কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়, যার নং ৮ ও ৯।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের মঙ্গলবার গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।