
হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইলে সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তি, জুয়া, অনলাইন জুয়া, পারিবারিক সহিংসতা ও কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও তাড়াইল থানা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার যুবসমাজকে বিপথগামী করছে এবং পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। এসব অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার এবং তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মাওলানা কাজী হাবিবুর রহমান ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম বাকী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার সমন্বয়কারী মহিউদ্দিন মাসুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
© All rights reserved © 2023
Leave a Reply